ছবি : সংগৃহীত
ঢাকা: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় করেছে বাংলাদেশে। ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথম জয় পেল টাইগাররা।
এর আগে পাকিস্তানের মাটিতে ২০২৪ সালে টেস্ট জিতে আসলেও এবারই প্রথম পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হারালো বাংলাদেশ। শেষ বিকেলে নাহিদ রানার তাণ্ডবে কুপোকাত হলো পাকিস্তান।
মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে ১৬৩ রানে অলআউট করে দিলো নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরা। ফলে ১০৪ রানের ঐতিহাসিক এক জয়ের দেখা পেলো বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ফাইফার নিলেন নাহিদ রানা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের শেষ বিকেলে সমর্থকদের চাওয়ার জবাবই দিচ্ছেন যেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের দুই অভিজ্ঞ ব্যাটার সউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে ফিরিয়ে দিয়েই বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে গেলেন নাহিদ রানা।
এরপর হাসান আলিকে এলবিডব্লিউ করে পথটা আরও সহজ করে দিলেন তাইজুল ইসলাম। নবম ব্যাটার হিসেবে নোমান আলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাহিদ রানা।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেছিল বাংলাদেশ। আর পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ব্যাট ছাড়লে ২৬৭ রানের লক্ষ্য পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১০৪ রানের জয় পেয়েছে শান্ত-লিটনরা।
পিএস







































