• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২৬, ০৭:১৩ পিএম
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

শনিবার (১৬ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের কার্যলয় থেকে তফসিল ঘোষণা করা হয়।

আগামী ১৭ মে বিকাল ৪টায় ঘোষিত হবে খসড়া ভোটার তালিকা। পরের দিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ৷ আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে।

তফসিল অনুযায়ী, আগামী ২০ এবং ২১ মে সকাল ১০টা থেকে সকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। ২১ এবং ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন৷

২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।

প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

পিএস

Link copied!