ফাইল ছবি
দেশের ২০ জেলায় আজ বৃহস্পতিবার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকাও রয়েছে। রাজধানীতে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় কমেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগসহ মোট ২০ জেলায় তাপপ্রবাহ চলছে। এর বাইরে ঢাকায় ৩৭ ডিগ্রি, ফরিদপুরে ৩৬, মাদারীপুরে ৩৬, রাজশাহীতে ৩৭, পাবনায় ৩৬ দশমিক ২, সিরাজগঞ্জে ৩৬ দশমিক ১, বান্দরবানে ৩৬, রাঙামাটিতে ৩৬ দশমিক ৬, ফেনী ও পটুয়াখালীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকে দেশে তাপপ্রবাহ শুরু হলেও মাঝে কিছুটা কমে আসে। তবে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা আবারও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে আজ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।
তীব্র গরমে রাজধানীসহ বিভিন্ন এলাকায় জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। দুপুরের দিকে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। অনেকেই ছায়া ও পানির সন্ধানে সময় কাটাচ্ছেন।
এসএইচ







































