ফাইল ছবি
বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবারের (২৩ অক্টোবর) মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি সৃষ্টি হয়ে আরও ঘনীভূত হওয়ার পাশাপাশি পরবর্তী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২১ অক্টোবর) আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে শুক্রবার বঙ্গোপসাগরের অন্য একটি এলাকায় নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি আরও জানায়, শুক্রবার থেকে রোববার (২৩-২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী পাঁচ দিনে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা ও বিস্তার নতুন লঘুচাপের গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে।
এসএইচ







































