নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,  ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ শব্দটি বেশ পুরনো হলেও এর বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেউ ক্ষেত্রটি সমান নয় বলে দাবি করলেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা  এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার একটি সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর এবং সে লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে পরিকল্পনা করেছে, তা সঠিকভাবে বাস্তবায়িত হলে একটি নির্বিঘ্ন নির্বাচন সম্ভব হবে।

নির্বাচনকালীন ডিজিটাল নিরাপত্তা ও ইন্টারনেট সংযোগের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভোটের সময় ইন্টারনেট পুরোপুরি সচল রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। যদি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তবে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

পিএস