চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সহায়তায় ৮০ বছরের বৃদ্ধ ভোট দিলেন

  • চাঁপাইনবাবগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মো. রুহুল (৮০) নামের এক বয়োজ্যেষ্ঠ ভোটার বিজিবি সদস্যদের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আজমতপুর উপচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। এ সময় বিজিবির সদস্যরা তাকে সহায়তা করে কেন্দ্রে পৌঁছে দেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে সহায়তা করেন।

বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, “আমরা নির্বাচনের দায়িত্বে রয়েছি। অসুস্থ ও চলাফেরায় অক্ষম ভোটারদের সহযোগিতারও কাজ করছি। এই মুরব্বি অত্যন্ত বৃদ্ধ এবং হাঁটতে পারেন না। তাই তাকে সহায়তা করে ভোটকক্ষে পৌঁছে দিয়েছি। তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।”

এসএইচ