ঈশ্বরদীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্র ও ইউনিয়নে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো সংঘাত, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে আসা নারী এবং প্রথমবারের ভোটারদের মধ্যেও উৎসাহ দেখা গেছে।

ঈশ্বরদী উপজেলার ৮৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৬০৫ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৬ জন, যা মোট ভোটারের ৩৯.১১ শতাংশ, জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান।

উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভেতরে আনসার সদস্যরা শৃঙ্খলা রক্ষা করছেন এবং বাইরে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রেজিয়া খাতুন নামে একজন নারী ভোটার বলেন, “লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছি। কোনো ঝামেলা নেই, পরিবেশ খুব ভালো।”

আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় জরিনা খাতুন নামে এক বয়স্ক মহিলা বলেন, “নয় বছর পর ভোট দিবার সুযোগ পাইছি। শরীর খারাপ থাকলেও এত মানুষকে ভোট দিতে দেখে ভালো লাগছে। বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দিচ্ছে। সারাদিন যদি এভাবেই শান্তিপূর্ণ ভোট চলে, খুব ভালো হইবে।”

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. ইমান আলী জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গুজব বা অপপ্রচার রোধে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঈশ্বরদীতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।

এসএইচ