অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি নিজানের

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান দলীয় শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

শনিবার রাতে রামগতি থানায় মামলাগুলো করা হয়। এর মধ্যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী সংঘবদ্ধভাবে এলাকায় চড়াও হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

অভিযোগ রয়েছে, চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না পেয়ে শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং মালিককে হত্যার হুমকি দেওয়া হয়। একই সময়ে রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়।

আরও অভিযোগ আছে, চর আলগী ইউনিয়নে ছাত্রদলের কয়েকজন নেতার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং শক্তি প্রদর্শন করে। পরে বাজারের একটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

এসব ঘটনায় রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রয়েছেন।

নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নির্দেশনা অনুযায়ী কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। নির্বাচনের বিজয়কে পুঁজি করে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালালে তাদের দলে স্থান হবে না। অপরাধীর পরিচয় যাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রয়োজনে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিকভাবে উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। 

এসএইচ