কুড়িগ্রামে পাখি শিকারের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

বন্দুক দিয়ে পাখি শিকার করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবককে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত শিকারী জয়নাল আবেদীন, জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে।

জানা যায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় ৮টি ঘুঘু পাখি শিকার করছিলেন জয়নাল। স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে, পুলিশ ও সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

শিকারে ব্যবহৃত বন্দুক থানায় হেফাজতে নেওয়া হয় এবং শিকার করা পাখিগুলো মাটিতে পুতে দেওয়া হয়।

সহকারী কমিশনার-ভূমি বদরুজ্জামান রিশাদ বলেন, “বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ এর ৬/১১ ধারা এবং ২৬১ (খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়নাল আবেদীনকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

এসএইচ