পাবনার ঈশ্বরদীতে এক বেলারুশ নাগরিককে প্রাইভেটকার দিয়ে ইচ্ছাকৃত চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালককে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ এবং ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদীর নতুন হাট গ্রীনসিটি সংলগ্ন বাজার এলাকায় গ্যালাক্সি বার-এর সামনে এ ঘটনা ঘটে। আহত বিদেশি নাগরিকের নাম হারশাকৌ উলাজিস্লাউ (২৯)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত নিকিমথ কোম্পানির একজন বেলারুশিয়ান প্রকৌশলী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২) তাকে লক্ষ্য করে দ্রুতগতিতে এগিয়ে আসে এবং চাপা দেওয়ার চেষ্টা করে। হারশাকৌ সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে আঘাত করে। তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রিন সিটির মেডিকেল সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারের চালক ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার বাসিন্দা মো. সানজিদ (২১)কে আটক করা হয়েছে। ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ