পিরোজপুরে বিদেশি পিস্তল ও ভারতীয় বুলেটসহ যুবক গ্রেপ্তার

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. আলিম খাঁন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান। 

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখায় একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে নামে ডিবি পুলিশ। তারা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের শয়নকক্ষের খাটের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে চারটি কার্তুজ রয়েছে এর মধ্যে তিনটির নাম ‘KF 7.65’ এবং একটি কার্তুজের নাম ‘32 AUTO CBC’ লেখা রয়েছে।

গ্রেপ্তারকৃত আলিম খাঁন উত্তর শিয়ালকাঠী এলাকার মৃত আব্দুল আজিজ খানের ছেলে। গ্রেপ্তার আলিম খাঁনের বিরুদ্ধে গত ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে অবৈধ অস্ত্রটি নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ভান্ডারিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হবে। জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পিএস