বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের কৃতি সন্তান আলী আহমদ অনুবাদে পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৬। এ অর্জনে গর্বিত বানারীপাড়া তথা সমগ্র বরিশালবাসী। মমতাজ উদ্দিন আহমদ ও হাসিনা বানু দম্পতির জ্যেষ্ঠ সন্তান আলী আহমদ ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। গল্প, উপন্যাস ও বিভিন্ন ভাষার কাব্যবিশ্লেষণে তাঁর আগ্রহ ছিল গভীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন।
চাকরির পাশাপাশি দীর্ঘ তিন দশক ধরে তিনি অনুবাদ-সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা—দুই ধারাতেই সমান দক্ষতায় অনুবাদ করে তিনি বাংলাদেশের অনুবাদ জগতে এক অনন্য অবস্থান তৈরি করেছেন। দেশি-বিদেশি কথাসাহিত্য অনুবাদের পাশাপাশি তিনি খ্যাতিমান সমালোচক হিসেবেও পরিচিত। আলী আহমদের অনূদিত গ্রন্থের তালিকা অত্যন্ত সমৃদ্ধ।
তাঁর উল্লেখযোগ্য অনুবাদের মধ্যে রয়েছে- বারো অভিযাত্রীর কাহিনী ও প্রেম ও অন্যান্য দানব (লেখক: Gabriel Garcia Marquez)
শিকার ও অন্যান্য গল্প (লেখক: Kenzaburo Oe)চোর ও সারমেয় সমাচার ও খোঁজ (লেখক: Naguib Mahfouz),হে সুন্দর, হে বিষণ্নতা (লেখক: Yasunari Kawabata),পাস্কুয়াল দুয়ার্তের পরিবার (লেখক: Camilo Jose Cela),মৎস্য রাজকুমারী (লেখক: Hans Christian Andersen)।
এছাড়া নোবেলজয়ীদের ছোটগল্প, বিশ্বসাহিত্যের আঙিনায়, বিশ্বসেরা ছোটগল্প, আমার সাক্ষ্য প্রভৃতি গ্রন্থ তাঁর অনুবাদ-সাধনার উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বসাহিত্যের নানা ভাষা ও সংস্কৃতির সেতুবন্ধন রচনায় তাঁর অবদান অনস্বীকার্য। অনুবাদের মাধ্যমে তিনি বাংলা ভাষাভাষী পাঠকের সামনে বিশ্বসাহিত্যের দিগন্ত উন্মোচন করেছেন।
আলী আহমদের এই অর্জন নিঃসন্দেহে বানারীপাড়ার জন্য গৌরবের, একইসঙ্গে দেশের অনুবাদ-সাহিত্যের জন্য এক অনন্য স্বীকৃতি।
এসএইচ