মাদারীপুরে আ.লীগ নেতার জমি দখল করে জোড়পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০২:২০ পিএম
ছবি: প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় আওয়ামী লীগ নেতার বসতবাড়ির গাছ কেটে জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালকিনি পৌরসভার সাবেক কাউন্সিলর হাবুল চৌকিদার, তাঁর ভাই বাবুল চৌকিদার ও ভগ্নিপতি এচাহাক সরদারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ভূরঘাটা মজিদবাড়ি–পূয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল চৌকিদারের বড় ভাই সাবেক কাউন্সিলর হাবুল চৌকিদার, বাবুল চৌকিদার ও তাঁদের ভগ্নিপতি এচাহাক সরদারের নেতৃত্বে মীর মামুন অর রশিদের পুকুরপাড়ের একটি নারকেল গাছসহ কয়েকটি ফলজ ও বনজ গাছ কেটে সেখানে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মীর মামুন অর রশিদ কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বাড়িতে না থেকে আত্মগোপনে রয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মীর মামুনের বাড়ির পেছনে হাবুল ও বাবুল চৌকিদারদের বসতবাড়ি। তাঁদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে মীর মামুনের পুকুরপাড় ঘেঁষে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

মুঠোফোনে মীর মামুন অর রশিদ বলেন, তিনি দীর্ঘদিন বাড়িতে না থাকায় বিএনপির প্রভাব খাটিয়ে তাঁর জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছে। গাছ কেটে তাঁর সম্পত্তির ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের কাছে বিচার দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে বাবুল চৌকিদার বলেন, মীর মামুনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাস্তা নির্মাণের জন্য একটি নারকেল গাছ কাটা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখেছে। তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শনে আসবেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, কারও ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করতে হলে সমঝোতার মাধ্যমে করতে হবে। জোরপূর্বক কোনো কাজ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে দেওয়া হবে না।

এসএইচ