পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার হরিপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমান গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে হরিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি সভা করছিলেন বাবলুর রহমানের অনুসারীরা। অভিযোগ উঠেছে, এ সময় সিরাজুল ইসলামের নেতৃত্বে তাঁর লোকজন ওই সভায় অতর্কিত হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে বাবলু গ্রুপের বাবলু, মিজান, মজিদসহ পাঁচজন এবং সিরাজ গ্রুপের রাহাতসহ তিনজন আহত হন। তাঁদের চাটমোহর ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বাবলুর রহমান বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের লক্ষ্যে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছিলেন তাঁরা। এটি সহ্য করতে না পেরে এবং পূর্ববিরোধের জেরে সিরাজুল ইসলামের নেতৃত্বে তাঁদের শান্তিপূর্ণ সভায় হামলা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, তাঁর নেতৃত্বে হামলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ঘটনার সময় তিনি হরিপুর বাজারে ছিলেন না। পরে শুনেছেন এলাকার কিছু দলীয় লোকের সঙ্গে আগের ঝামেলার রেশ ধরে মারামারি হয়েছে। এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের মারামারির বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে কথা বলেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ