‘যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই’

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই। নারীদের সম্মান সৃষ্টিকর্তা, সমাজ ও প্রতিটি ধর্ম দিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই নারীদের অসম্মানিত করার চেষ্টা করা হয়। আমাদের সম্মান আছে, কারও কাছে সম্মান ভিক্ষা চাইবো না; আমাদের আচরণেই সম্মান প্রতিষ্ঠা হবে।

রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

জেলা প্রশাসক বলেন, নারীদের সবাই শ্রমিক হিসেবে পছন্দ করে, মানুষ হিসেবে কম। বাইরে ও ঘরে কাজ করা, শ্রম দেওয়া ভালো লাগলেও সঙ্গী হিসেবে পছন্দ করা কঠিন। গুরুত্বপূর্ণ হলো ভালো থাকা এবং সন্তানকে নৈতিকভাবে সঠিক শিক্ষা দিতে পারা। তিনি আরও বলেন, শ্রমের মূল্য দিয়ে নিজের অবমূল্যায়ন করা উচিত নয়; দায়িত্ব পালনে সম্মান ও অধিকার স্বাভাবিকভাবে আসে।

আফিয়া আখতার বলেন, নারী-পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, তারা সহযোগী। সহযোগিতা ছাড়া সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বললেন, নির্যাতনকারীরা যাতে পার পেয়ে যেতে না পারে, তা প্রথম প্রতিরোধ হতে হবে পরিবার থেকে, পরে সমাজ ও রাষ্ট্র থেকে।

অনুষ্ঠানে রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শারমিন শাপলার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার ও সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর বক্তৃতা করেন। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

এসএইচ