জঙ্গল সলিমপুর

৪ হাজার বাহিনীর নজিরবিহীন যৌথ অভিযান চলছে

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:৫২ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে নজিরবিহীন অভিযান শুরু করেছে যৌথবাহিনী। আজ সোমবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশগ্রহণ করে।

সকালে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বের হওয়ার পথে বসানো হয় তল্লাশিচৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল সকালে বলেন, ‘যৌথবাহিনীর চার হাজার সদস্য অভিযানে অংশ নিয়েছেন। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরে অপরাধীদের অবস্থান ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন। পুরো এলাকাটি ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। সন্ত্রাসী ও অপরাধীদের দৌরাত্ম্য রুখতে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে নিরাপদ করতে এবং অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন চলাকালীন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তখন আর অভিযান চালানো হয়নি।

 

এম