গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর বলেছেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন। এজন্য কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে জনগণের মতামত ধৈর্যসহকারে শোনার ও সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৯ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভার আয়োজন করেন উপজেলা পরিষদ, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।
তিনি বলেন, “সরকারি কর্মচারীরা জনগণের সেবক। দপ্তরে এসে মানুষ যেন সেবা পেতে বেগ পোহাতে না হয়, তা নিশ্চিত করতে হবে।” এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানকে তিনি নির্দেশ দিয়েছেন, “মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।”
এর আগে প্রতিমন্ত্রী স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের নাপিতখালী খালের ওপর ৭৯.০৪২ মিটার দৈর্ঘ্যের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সাইক্লোন শেল্টার উদ্বোধন করেন। উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি বরাদ্দকৃত চেক ও ঢেউটিনও বিতরণ করা হয়।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুস সাকীব সৌরভ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
এসএইচ