ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ঈশ্বরদীতে শনিবার গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ছিনতাইকারীরা। তবে পরিবারের সদস্যদের ধাওয়া খেয়ে তারা একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়।

দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সেন্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রফিকুল ইসলাম রতন (৪২) ওই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি সাকড়েগাড়ী মোড় প্রাণ কোম্পানির গেট সংলগ্ন এলাকায় বিকাশ ও নগদের এজেন্ট ব্যবসা পরিচালনা করেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত প্রায় ২টার দিকে রতন টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আগে থেকেই ওঁত পেতে থাকা ছিনতাইকারী দলের দুই সদস্য মোটরসাইকেলে তার পিছু নেয়। বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছালে তারা রতনের চোখে ঝাঁঝালো স্প্রে ছুঁড়ে। এতে তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা ব্যাগটি ছিনিয়ে পালানোর চেষ্টা করে।

পরিবারের সদস্যরা প্রতিরোধ করলে ছিনতাইকারীদের একজন তার জ্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই জ্যাকেট তল্লাশি করে একটি গুলিভর্তি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও একটি স্মার্টফোন উদ্ধার করে এবং ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেন।

ঘটনায় রতন ও তার সহধর্মিণী মোছা. তুলি খাতুন আহত হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, এটি মূলত ছিনতাইয়ের ঘটনা। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীরা ফেলে যাওয়া জ্যাকেট তল্লাশি করে পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ