তারেক রহমান আমার প্রিয়, ওভাবে বলতে চাইনি: হানজালা

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:৫২ পিএম
ছবি : প্রতিনিধি

মাদারীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর নেতাকর্মীদের নিয়ে করা একটি সমালোচিত বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ আহমেদ (পীরজাদা) হানজালা। 

গত শুক্রবার (১৩ মার্চ) নিজ এলাকা বাহাদুরপুরে এক ইফতার মাহফিলে তিনি ওই বক্তব্য দিয়েছিলেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওই ইফতার মাহফিলে এমপি হানজালা বলেছিলেন, ‘আমি খোঁচাখুঁচি করলে এই দেশে বিএনপি থাকতে পারবে না।’ বর্তমান ক্ষমতাসীন দল এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে এমন মন্তব্য করায় মাদারীপুর জেলাসহ সারাদেশে এটি ‘টক অব দ্য কান্ট্রি’-এ পরিণত হয়। অনেকেই একজন জনপ্রতিনিধির মুখে এমন কথাকে অশোভনীয় বলে আখ্যা দেন।

পরিস্থিতি সামাল দিতে শনিবার (১৪ মার্চ) বিকেলে শিবচর উপজেলার গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন এই তরুণ সাংসদ। এ সময় সেখানে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানাও উপস্থিত ছিলেন। সোহেল রানা বলেন, ‘ব্যক্তি হিসেবে হানজালা সাহেব আমাদের সবার প্রিয়। শিবচরের মানুষ তাকে যোগ্য মনে করেই নির্বাচিত করেছেন। আলাদা রাজনৈতিক অবস্থানে থাকলেও দেশের উন্নয়নের প্রশ্নে আমাদের নীতি এক। কিন্তু তার ওই বক্তব্য আমাদের মর্মাহত করেছে। আমরা তার কাছে এমন কথা প্রত্যাশা করি না।’

জবাবে সাংসদ হানজালা তার আগের বক্তব্যের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি আসলে ওভাবে কথাটি বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম, কতিপয় অসাধু লোক তারেক রহমানের দলের নাম ভাঙিয়ে খারাপ কাজ করছে, যা দলটির জন্য ক্ষতিকর। আমি মূলত তাদের জন্য একটি হুঁশিয়ারি বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মাথায় যা ছিল, মুখে সেটি গুছিয়ে বলতে পারিনি। আপনারা এটাকে আমার শব্দ চয়নের ভুলও বলতে পারেন।’

তিনি আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুবই পছন্দ করি। রাষ্ট্র পরিচালনায় আমাদের চিন্তাভাবনার অনেক কিছুই মিলে যায়।’ অনিচ্ছাকৃত এই ভুলের কারণে কাউকে মন খারাপ না করার অনুরোধ জানিয়ে তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির শিবচর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

পিএস