ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১১:১৯ এএম
নিহত শিশু ও তার বাবা। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রামে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম উপজেলা-এর মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি হাকিমপুর উপজেলা-র আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটি উপলক্ষে মঙ্গলবার সকালে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী এবং ছেলে নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত তাদের মেয়েকে উদ্ধার করে দ্রুত রংপুরে পাঠানো হয়। তার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম