সদরঘাট ট্র্যাজেডি: ছেলের কবরের পাশেই দাফন বাবার

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১১:৫২ এএম
ছবি : প্রতিনিধি

বরিশাল: রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানো যুবক সোহেল ফকিরের কবরের পাশেই দাফন করা হয়েছে তার বাবা মিরাজ ফকিরকে। একের পর এক এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার ও এলাকাবাসী।

শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ শেষে মিরাজ ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর দুই দিন আগে একই স্থানে দাফন করা হয়েছিল তার ছেলে সোহেল ফকিরকে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ বিকেলে সদরঘাটে আসা-যাওয়া-৫ ও জাকির সম্রাট-৩ নামের দুটি লঞ্চের সংঘর্ষের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহেল ফকির। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হন তার বাবা মিরাজ ফকির এবং গুরুতর আহত হন সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার প্রায় ৪৯ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় বুড়িগঙ্গা নদী থেকে মিরাজ ফকিরের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

স্বজনরা জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ঢাকায় কাজ করতেন মিরাজ ফকির। পরে ছেলেকেও সঙ্গে নিয়ে একই পেশায় যুক্ত করেন। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সেই যাত্রাই পরিণত হয় মৃত্যুযাত্রায়।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটি। ঈদের আনন্দের দিনে পুরো এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

পিএস