ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক নারী চিকিৎসকের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন কয়েকজন সাংবাদিক। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগের মধ্যে রয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মুসা, দেশ টেলিভিশনের ক্যামেরাম্যান কাউসার মিয়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান সুমন আহমেদ, আঙ্গর টিভির প্রতিনিধি শাওন ও জহিরুল।
সাংবাদিকদের দাবি, দেশে হাম রোগের প্রকোপ বাড়ার প্রেক্ষাপটে তারা তথ্য সংগ্রহ করতে হাসপাতালে যান। যথাযথ অনুমতি নিয়ে ৩১ নম্বর ওয়ার্ডে গিয়ে রোগীদের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে এক নারী চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি গার্ড ও আনসার সদস্যদের ডেকে সাংবাদিকদের বের করে দেওয়ার নির্দেশ দেন।
আবু সালেহ মো. মুসা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। কোনো উসকানি ছাড়াই এমন আচরণের মুখে পড়তে হয়েছে, যা সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং ব্যবস্থা না নিলে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়েছেন ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। তারা দোষী চিকিৎসকের শাস্তি এবং হাসপাতালে সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন বলেন, বিষয়টি তার জানা হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিক তার অনুমতি নিয়েই হাসপাতালে গিয়েছিলেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ