ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে সড়ক অবরোধ

  • বরিশাল ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং যুবদল নেতা এনামুল হকসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ বা স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে বাধ্য হয়ে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেছে বলে তারা জানান।

তারা আরও জানান, আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে বিক্ষোভকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকাবাসী দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
 

এসএইচ