সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রকাশিত তালিকায় স্থান পায়নি চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো নারী নেত্রী। অথচ এ আসনের জন্য জেলার একাধিক নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন এবং সাক্ষাৎকারেও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপিনেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি, সহসভাপতি নাদিরা চৌধুরী এবং ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহানাজ খাতুনসহ অন্তত পাঁচজন।
চূড়ান্ত তালিকায় জেলার কোনো নাম না থাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনই হাতছাড়া হওয়ার পর সংরক্ষিত নারী আসনে একজন প্রতিনিধি পাওয়ার প্রত্যাশা ছিল তাঁদের। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
এর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই বিএনপি প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হন বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থীরা। ফলে সংসদে জেলার প্রতিনিধিত্বের ঘাটতি আরও প্রকট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘোষিত তালিকায় দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা স্থান পেলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে কেউ না থাকায় উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এসএইচ