রাজশাহী: রাজশাহীর চারঘাটে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে হলিদাগাছী এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেট এলাকায় পৌঁছালে প্রায় ৩৫ বছর বয়সী এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তার নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, সোমবার রাতে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর কালাবিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে। দুর্ঘটনায় তার শরীরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়দের দাবি, সোহাগ নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
সারদা রেলস্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, নিহত নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা। যুবকটি নেশাগ্রস্ত ছিলেন বলে জানান তিনি।
পিএস