বরগুনার তালতলীতে চিকিৎসকের ভুয়া পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে আমির হোসেন খান নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। অভিযান শেষে এ রায় দেওয়া হয়।
জানা যায়, আমির হোসেন খান দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি দোকানে ‘আল-আমিন ফার্মেসি’ নামে সাইনবোর্ড লাগিয়ে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তিনি স্বীকার করেন, তার কোনো চিকিৎসা সনদ নেই এবং তিনি কখনো মেডিকেলে পড়ালেখাও করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসএইচ