রক্ষণাবেক্ষণ ও নতুন লাইন নির্মাণ কাজের কারণে আজ শনিবার (১৬ মে) দেশের কয়েকটি এলাকায় ১০ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাটোর ও রাজশাহীর কিছু এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ কারণে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে।
অন্যদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর কিছু এলাকায় গাছের ডালপালা কর্তনের কাজ পরিচালনা করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ থাকবে না।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
এম