নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী বৃদ্ধা শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিল বাগেরহাটের চিতলমারী থানাধীন বড়বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকায় ভাড়া থাকতেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়ে প্রায় ছয় মাস ধরে দুবাই প্রবাসী। ওই বৃদ্ধা তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার তোফাজ্জলের ১০ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ফ্ল্যাটটির এক কক্ষে থাকতেন সাকিল এবং অন্য কক্ষে শাশুড়ি ও তার নাতি।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে সাকিল তার শাশুড়িকে ঘুম থেকে ডেকে তোলে। পরে জোরপূর্বক তাকে নিজের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরবর্তীতে প্রবাসী মেয়ে ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, “শাশুড়িকে ধর্ষণের মতো জঘন্য ও নৈতিক স্খলনের ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”
পিএস