ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, উৎপত্তি কোথায়?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:০৮ এএম
ফাইল ছবি

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। মঙ্গলবার দুপুরে অনুভূত এই কম্পনে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় হালকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল হবিগঞ্জ জেলার গজনাইপুর এলাকায়। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ১৪৬ কিলোমিটার।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, ভূমিকম্পটি মৃদু মাত্রার ছিল। উৎপত্তিস্থল হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর ও ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় কম্পন অনুভূত হয়। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও কম্পনের খবর পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের মৃদু ভূমিকম্প সাধারণত বড় ধরনের ঝুঁকি তৈরি না করলেও ভূকম্পনপ্রবণ অঞ্চলে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এসএইচ