রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৪৮ পিএম
ফাইল ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে কেশরহাট পৌরসভার সাঁকোয়া মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সাঁকোয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত আব্দুস সালামকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

এসএইচ