শরীয়তপুর: শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কের মোড় থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
পালং মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানায়, আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা এবং যোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের বাসভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পালং মডেল থানা পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগের সকল নিষিদ্ধ কার্যক্রমের অর্থদাতা, পরামর্শদাতা এবং যোগানদাতা। এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়েছে।
পিএস