টানা ৮ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৮:৫২ এএম

গাছের ডালপালা কর্তনের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৫ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় কুমরুল, কামারদহ, কায়েমকোলা, রামাগাড়ি, রামাগাড়ি ঘোষপাড়া, আটঘরিয়াসহ আশপাশের এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।

এছাড়া কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

এম