বরিশালে আদালত ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশাল আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে নাজমুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে আদালতপাড়া জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরের কাশীপুর হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং এনামুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আদালত চত্বরে অবস্থিত ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে হঠাৎ নিচে পড়ে যান নাজমুল হক। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “নাজমুল হক কেন আদালত চত্বরে এসেছিলেন এবং কীভাবে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পিএস