সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, রাজাপুরে শোকের ছায়া

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি : প্রতিনিধি

​ঝালকাঠি: ​সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার সকাল নয়টার দিকে হাইলের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​নিহত আনোয়ার হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের হাইল শহরে কর্মরত ছিলেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় দিন আগে হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​আনোয়ারের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এক ছেলে ও এক মেয়ে সন্তানকে নিয়ে প্রবাসীর স্ত্রী এখন দিশেহারা হয়ে পড়েছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার আজ নিঃস্ব ও অসহায়।

​মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনি ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পৌঁছালে জানাজা ও দাফনের সময়সূচি জানানো হবে।

​মরহুমের আত্মার মাগফিরাত কামনায় স্বজনেরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পিএস