শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ও কনসার্টে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে উপস্থিত কয়েকজনকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এর সত্যতা ও ঘটনার প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক দাবি করেন, অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চের সামনে থেকে এসব স্লোগান দেওয়া হয়। তাঁরা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিজের কানে স্লোগান শুনেছেন বলেও জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
তবে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিডিওটির সময়কাল ও ঘটনার প্রকৃত বিষয়টি যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। বিষয়টি তদন্ত করছি। ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পিএস