নিজ স্ত্রী, মেয়ে, শালী ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি, আটক ১

  • নরসিংদী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

নিজ স্ত্রী, মেয়ে, শালী ও ভাগ্নির নগ্ন ভিডিও গোপনে ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গিয়াস গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন। সেখানে পরিবারের সদস্যদের নগ্ন ভিডিও ধারণ করে তা বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে অর্থের বিনিময়ে বিক্রি করতেন তিনি। গোয়েন্দারা তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্যও পেয়েছেন।

প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি পরিবার নিয়ে ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেন গিয়াস। শুক্রবার একটি নবনির্মিত ভবনে নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে তাদের মালামাল বহনকারী গাড়ির গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে সন্ধ্যায় পলাশ থানা পুলিশ নতুন ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পর্নোগ্রাফি-সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। অভিযানের সময় বাসায় পরিবারের অন্য সদস্যদের পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং পরিবারের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ