শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে ভূমি কর্মকর্তা আহসানুল হকের বিরুদ্ধে এক সেবা প্রত্যাশীর সঙ্গে দুর্ব্যবহার ও অসদাচরণের অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত তথ্য জানতে গিয়ে তথ্য না পেয়ে উল্টো কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। শুধু তাই নয়, এ বিষয়ে বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা। একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমাকে প্রশ্ন করার কে?’ পরে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালিনগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তার বাবার সম্পত্তিসংক্রান্ত কিছু তথ্য জানতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। এ সময় ভূমি কর্মকর্তা আহসানুল হকের কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে তিনি তথ্য না দিয়ে মাসুদ আলমকে গোসাইরহাট উপজেলা ভূমি কার্যালয়ের রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন। ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তার ওপর চড়াও হয়ে তাকে নিজের কক্ষ থেকে বের করে দেন ওই কর্মকর্তা।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে জানতে ভূমি কর্মকর্তা আহসানুল হকের কাছে যান সাংবাদিকরা। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার পরিবর্তে তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনি আমাকে প্রশ্ন করার কে?’ এ সময় সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের মোবাইল ফোনের ক্যামেরাও চালু করেন তিনি। পরে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করবেন না বলে জানান।
খোঁজ নিয়ে জানা যায়, ভূমি কর্মকর্তা আহসানুল হক একই কর্মস্থলে অন্তত সাড়ে চার বছর ধরে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা এবং স্থানীয় বাসিন্দা হওয়ার প্রভাব দেখিয়ে চলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয়দের ব্যবহার করার অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী মাসুদ আলম বলেন, ‘আমি আমার বাবার একটি সম্পত্তির বিষয়ে কিছু তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো তথ্য না দিয়ে উপজেলার রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে আমাকে তার কক্ষ থেকে বের করে দেন। তিনি চাইলে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন, ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবা প্রত্যাশীর সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।’
স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, ‘ভূমি অফিসে মানুষ আসে নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে। সেখানে কোনো কর্মকর্তা যদি সেবা প্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’
এ বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, ‘আপনাদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পিএস