গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১০:৪৫ এএম

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিক পরিচয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন একদল লোক। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা মহাসড়ক ছেড়ে চলে যান। এ দিকে কোনাবাড়ীসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে একদল লোক শ্রমিক পরিচয়ে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ দিকে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেকোনও সময় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীরচালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখতে পুলিশ কাজ করছে।

এম