গোপালগঞ্জ: বিদ্যুৎ স্থাপনা ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
এতে বলা হয়েছে, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন সতর্কবার্তার কথা স্বীকার করেছেন গণমাধ্যমের কাছে। তিনি বলেন, আমরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছি।
আমাদের ওপর হামলা হলে আমরা কীভাবে সেবা দেব? এ কারণেই বলা হয়েছে, আমাদের বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
পিএস