নেশার টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৪:২০ পিএম
ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে মাদক কেনার টাকা না পেয়ে নিজের মাকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম নিরু বেগম (৫৫)। তিনি ওই এলাকার আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে এলাকায় পরিচিত ছিলেন। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। তবে মা নিরু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন রবিউল। একপর্যায়ে ঘরে থাকা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ছেলের শাবলের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিরু বেগম। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকাসক্তির কারণে মায়ের হাতে টাকা না পেয়ে এমন সহিংসতার অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

ঘটনার খবর পেয়ে কাজিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

বরিশাল কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএস