ডিসেম্বর ঘিরে গুজব ও অপতৎপরতা রুখে দিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিনাজপুর সেক্টর কমান্ডার ফয়সল হোসেন।
এ সময় তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সীমান্তের শান্তিশৃঙ্খলা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সব সময় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
ফয়সল হোসেন আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসকে ঘিরে যাতে কোনো অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সক্ষমতা বাড়াতে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি চলছে।
এসএইচ