সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচারণা চালানোর অভিযোগে রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। ফেসবুকে নিয়মিত সরকারবিরোধী পোস্ট ও প্রচার চালিয়ে আসছিলেন তিনি। সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি আরও জানান, সাঁথিয়া থানায় হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএইচ