দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেল শোডাউন করেছে যুবদল। সহস্রাধিক নেতাকর্মী নিয়ে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল হাই।
শনিবার (২৮ নভেম্বর) আশুলিয়ার জিরানী এলাকা থেকে এ শোডাউন শুরু হয়। মোটরসাইকেলের বিশাল বহরটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে পাড়াগ্রাম, আমতলা বাজার, শিমুলিয়া, রাঙামাটি ও গোহাইলবাড়ি এলাকা প্রদক্ষিণ করে। দুপুরে কলতাসূতি এলাকায় গিয়ে এ কর্মসূচি শেষ হয়।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিজেদের অবস্থানের কথা জানান তাঁরা। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হাই বলেন, আশুলিয়ায় আওয়ামী লীগের যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে তাঁরা মাঠে সতর্ক রয়েছেন। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি শিমুলিয়া অঞ্চলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
শোডাউন থেকে আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আব্দুল হাই।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা, শিমুলিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সোহাগ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
এসএইচ