অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদকসহ আটক ৮৪

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৭:১৫ পিএম

ঢাকা: রাজধানীর ভাটারার এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৬ জন নারী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, ওই বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করা হয়েছে।

অভিযানের পরে এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে বাড়িটিতে অভিযান চালানো হয়। বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা অনলাইনে ভাড়া বুকিং করে এসব পার্টিতে অংশ নিতেন। 

ইলিয়াস কবির আরও জানান, ওখানে একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলম আটক আছেন।

এদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার আ্যান্ড মেইনটেইন্যান্স শাখা থেকে সরিয়ে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়।

পিএস