ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০১:২৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্ট রুলও জারি করেন। রুল নিষ্পপ্তি না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

চলতি বছর ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।

তবে এই পরীক্ষার ফল পেতে পেতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকবে না। তাই এ নিয়ে একটি রিট দায়ের হয় হাইকোর্টে।

প্রসঙ্গত, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

পিএস