জুলাই বিপ্লবের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতার ওপর সর্বোচ্চ বলপ্রয়োগের সিদ্ধান্তে তৎকালীন স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমের স্বাক্ষর ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছে প্রসিকিউশন।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে এই তথ্য জানানো হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান জানান, জাহাংগীর আলম দিনে সচিবের দায়িত্ব পালন করতেন এবং রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে ছাত্র-জনতাকে হত্যার পরিকল্পনায় যুক্ত থাকতেন।
সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগে করা এই মামলায় দুজনের বিরুদ্ধে ৫২ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং তথ্য উপাত্ত হিসেবে ৯৩৬ পৃষ্ঠার প্রমাণ জমা দেওয়া হয়েছে। পর্যাপ্ত প্রমাণ থাকায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে জাহাংগীর আলমের পক্ষে শুনানি করে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান আইনজীবী মো. মজিবুর রহমান। শুনানির সময় আসামি জাহাংগীর আলম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ২৭ আগস্ট দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ট্রাইব্যুনাল তা আমলে নেন। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগে এই মামলা পরিচালিত হচ্ছে।
এসএইচ