জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাফাই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

মামলার সর্বশেষ ধাপ উভয় পক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের জন্য আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে আসবে।
 
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। 

মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেন। রোববার তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি।

জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চায় প্রসিকিউশন। পরে আগামী মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য হয়।

পিএস