পাইপলাইনে আসছে আরও ১২ হাজার টন ডিজেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশি দেশ ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুর পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসার অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (১৬ এপ্রিল) সকাল থেকেই পার্বতীপুর রেল হেড ডিপোতে এই ডিজেল আসা শুরু হয়েছে।

জানা যায়, সবশেষ গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে। এর আগে গত মার্চ মাসে এসেছে ২২ হাজার মেট্রিক টন ডিজেল। সব মিলিয়ে মার্চ থেকে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে সর্বমোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।

ডিপো কর্তৃপক্ষ বলেছে, ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসতে সময় লাগবে আনুমানিক ৫০ ঘণ্টা। এই তেল আসা শেষ হলে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে। 

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। 

এর আগে গত ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে আজ (শুক্রবার) ছুটির দিনেও ডিপো খোলা রেখেছে ডিপো কর্তৃপক্ষ।

পিএস