ডিপিএ প্রতিষ্ঠানের বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১২:২৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) ডমেস্টিক প্রসেসিং এরিয়া (ডিপিএ) ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন সাপেক্ষে রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ (কারিগরি জ্ঞান) এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (কারিগরি সহায়তা) ফি বাবদ বিদ্যমান নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থও বিদেশে পাঠানো যাবে।

সোমবার (১৩ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিতে এ পরিবর্তনের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতদিন অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো ডিপিএভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি বাবদ নির্ধারিত সীমার মধ্যেই বহির্মুখী রেমিট্যান্সের অনুমতি দিতে পারতো।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, নতুন প্রকল্পের ক্ষেত্রে এসব খাতে বিদেশে অর্থ পাঠানোর সর্বোচ্চ সীমা ছিল আমদানিকৃত যন্ত্রপাতির মূল্যের ৬ শতাংশ। আর চলমান বা বিদ্যমান প্রকল্পের ক্ষেত্রে আগের অর্থবছরের আয়কর রিটার্নে ঘোষিত মোট বিক্রয় আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত রেমিট্যান্স পাঠানো যেত।

নতুন নির্দেশনা অনুযায়ী, বেজার পূর্বানুমোদন থাকলে এই নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থও বিদেশে পাঠানো যাবে। একই সঙ্গে অর্থের পরিমাণ যাই হোক না কেন, এ ধরনের অন্যান্য বৈধ ব্যয়ের ক্ষেত্রেও বহির্মুখী রেমিট্যান্স পাঠাতে বেজার পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, সংশোধিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এ অনুযায়ী বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনা করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ নীতির ফলে ডিপিএভুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন আরও সহজ হবে। পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর, কারিগরি সহযোগিতা এবং বিদেশি অংশীদারদের অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ হওয়ায় দেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

এএইচ/পিএস