ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির টায়ার-২ মূলধন বাড়াতে এই বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের ৩৩৭তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে ব্যাংকটি। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এমটিবির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৭ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৮ পয়সা বা ৭ শতাংশ।
আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ১২ পয়সা বা ৪১ শতাংশ। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সায়।
এএইচ/পিএস